জাতীয়

কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  বাংলাদেশ প্রতিদিন 9 May 2026 , 7:58:07

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল রবিবার সফরে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করবেন।

“আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন” শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু ও সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, শ্রমিক ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। এ প্রকল্পে ১১৯ জন শ্রমিক ৪০ দিন কর্মসংস্থানের সুযোগ পাবেন। এছাড়া ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে তিনটি কালভার্ট নির্মাণ, ভেকু দিয়ে মাটি কাটা, বৃক্ষরোপণ, লেভেলিং ও ড্রেসিংয়ের কাজ সম্পন্ন করা হবে। সব মিলিয়ে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজি পিপি প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে শনিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content