আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় টার্গেট কিলিং নিজ দোকানের সামনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  বাংলাদেশ প্রতিদিন 22 April 2026 , 1:33:45

দক্ষিণ আফ্রিকাতে সন্ত্রাসীদের টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী। নিহতের নাম আবু নাছের শামীম (৫০), যিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গ শহরের পার্শ্ববর্তী বারা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীম দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। ২০০৭ সালে তিনি প্রথম সেখানে যান এবং কয়েক বছর আগে দেশে ফিরে পুনরায় ব্যবসার জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। বর্তমানে সেখানে তার ৪ থেকে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, সম্প্রতি একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কিছুদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় শামীম তার দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মীও নিয়োগ করেছিলেন।

ঘটনার দিন বিকেলে দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা হঠাৎ তাকে ঘিরে ফেলে। এরপর মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content