বাংলাদেশ প্রতিদিন 11 April 2026 , 7:07:04
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সরবরাহকৃত টিফিনে নিম্নমানের, পচা ও বাসি খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কোমলমতি শিশুরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সরকারি বরাদ্দের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত টিফিন সরবরাহের নিয়ম রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, কিছু অসাধু চক্রের কারণে শিক্ষার্থীদের পাতে দেওয়া হচ্ছে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, সরবরাহকৃত খাবার থেকে প্রায়ই দুর্গন্ধ আসে। অনেক ক্ষেত্রে বাসি ও পচা খাবার খাওয়ার পর শিশুরা পেটব্যথা, বমি ও শারীরিক অসুস্থতায় ভুগছে। এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্তানদের সুস্থতার কথা ভেবে স্কুলে পাঠাই। কিন্তু সেখানে যদি নষ্ট খাবার দেওয়া হয়, তবে তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। আমরা এর প্রতিকার চাই।
স্থানীয় সচেতন মহলের মতে, নিয়মিত তদারকির অভাবে একশ্রেণির অসাধু সরবরাহকারী এই সুযোগ নিচ্ছে। দীর্ঘক্ষণ খোলা স্থানে রাখা কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, “কয়েকটি বিদ্যালয়ে মানহীন খাবার পরিবেশনের অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি










