Uncategorized

ভিয়েতনামে ‘ফরসু’ প্রকল্পের সমাপনী কর্মশালায় রাবিপ্রবি’র অংশগ্রহণ

  বাংলাদেশ প্রতিদিন 1 April 2026 , 10:16:27

ভিয়েতনামের থাই এনগুয়েন ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রিতে তিন বছর মেয়াদী আন্তর্জাতিক প্রকল্প ‘ফরসু’ এর সমাপনী কর্মশালায় অংশগ্রহণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গত ২৯ মার্চ (রবিবার) এ সমাপনী কর্মশালা শুরু হয়। তিন দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে ১ এপ্রিল।

বাংলাদেশ, ফিনল্যান্ড, জার্মানি এবং ভিয়েতনামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।

এই আন্তর্জাতিক প্রকল্পের অংশীদার হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন অংশগ্রহণ করেন।

কর্মশালার অংশ হিসেবে প্রতিনিধিদল থাই এনগুয়েন ক্লাইমেট লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা জলবায়ু সহনশীল বন পুনরুদ্ধার, বাঁশ চাষ, ঔষধি উদ্ভিদ এবং বসতবাড়ির বাগান উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অংশগ্রহণকারীরা পর্যটনের জন্য ফ্লেমিঙ্গো নামে পরিচিত একটি কৃত্রিম হ্রদ ও রিসোর্ট এবং একটি অর্গানিক চা বাগানও পরিদর্শন করেন। থাই হাই নামের বিশ্বখ্যাত পর্যটন গ্রাম পরিদর্শনের মাধ্যমে এই ফিল্ড ট্যুর শেষ হয়।

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলের বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই প্রকল্পের অভিজ্ঞতা বাংলাদেশে প্রয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং বন ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এই প্রকল্পটি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর:

Sponsered content