আন্তর্জাতিক

হঠাৎ আরব আমিরাতে রেড অ্যালার্ট জারি

  বাংলাদেশ প্রতিদিন 24 March 2026 , 4:01:11

সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি। আজ (২৪ মার্চ) পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে ঘনীভূত মেঘপুঞ্জ আল ধাফরা ও আবুধাবি অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে জনসাধারণের জানমাল রক্ষা ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ কঠোর নির্দেশনা ও শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে।

বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়া ও দৃশ্যমানতা কমে আসায় চালকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে,পিচ্ছিল রাস্তায় গাড়ির গতি সীমিত রাখতে হবে, সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, হেডলাইট ও উইন্ডস্ক্রিন ওয়াইপার ব্যবহার বাধ্যতামূলক, মোবাইল ফোন ব্যবহার ও হঠাৎ লেন পরিবর্তন থেকে বিরত থাকতে হবে।

দুবাই মিউনিসিপ্যালিটি ও আবুধাবি জ্বালানি বিভাগ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট ও খোলা তার থেকে দূরে থাকতে বলা হয়েছে, বড় গাছ বা অস্থায়ী সাইনবোর্ডের নিচে আশ্রয় না নিতে পরামর্শ, ছাদ বা বারান্দার আলগা জিনিসপত্র সরিয়ে রাখতে বলা হয়েছে।

দুবাই মিউনিসিপ্যালিটি জানিয়েছে, জলাবদ্ধতা এড়াতে নির্ধারিত ড্রেন ব্যবহার করতে হবে, তবে কোনোভাবেই ম্যানহোলের ঢাকনা খোলা যাবে না। কোথাও পানি জমে গেলে বা গাছ পড়ে গেলে দ্রুত 800900 নম্বরে বা হোয়াটসঅ্যাপে জানাতে বলা হয়েছে।

বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশি-বিদেশি সকল বাসিন্দাকে সরকারি নির্দেশনা অনুসরণ এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content