জাতীয়

সরকার উন্নত বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে :কৃষি মন্ত্রী

  বাংলাদেশ প্রতিদিন 21 March 2026 , 5:17:52

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময় পার হলেও একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সকালে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই দেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকারের পরিকল্পনা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিন জেলার প্রধান জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান জামাতে জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content