Uncategorized

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  বাংলাদেশ প্রতিদিন 16 March 2026 , 10:47:39

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম আবর্তনের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিনকে তার ইসলামনগর এলাকার বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তার স্বামীর ভাষ‍্যমতে, রবিবার (১৫ মার্চ) বেলা আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে এসে দেখতে পান বাসার দরজা বাইরে থেকে বন্ধ রয়েছে। পরে তিনি কোনোভাবে বাসার ভেতরে প্রবেশ করে দেখেন, শারমিন মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সে সময় তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না।

পরবর্তীতে দ্রুত বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে শারমিনের স্বামী ফাহিম আল হাসানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ওসি রুবেল হাওলাদার বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, ‘শারমিন জাহান নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার মাথার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দেখে মনে হয়েছে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।’

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content