Uncategorized

নাটোরের বাগাতিপাড়ায় মহিলা জামায়াতের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা ও মহিলা বিভাগের বিশাল গণমিছিল

  বাংলাদেশ প্রতিদিন 7 February 2026 , 12:33:49

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও দাড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন।

দাড়িপাল্লায় প্রতীকের বিজয়ের লক্ষ্যে বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এক বিশাল মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালঞ্চি রেলগেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে ভোট প্রার্থনা ও গণমিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথসভায় মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবী, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের নারী সমাজ আজ আর পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। তাঁরা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ সময়ের দাবি।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রায় সহস্রাধিক মহিলা কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিলটি সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব ও সচেতনতার বার্তা পৌঁছে দেয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content