Uncategorized

কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই ভরসা রাঙামাটিতে কৃষকদলের উঠান বৈঠকে বিএনপি নেতারা

  বাংলাদেশ প্রতিদিন 1 February 2026 , 11:38:28

দেশের কৃষক আজ নানামুখী সংকট ও বঞ্চনার শিকার। এই বাস্তবতায় কৃষকের অধিকার প্রতিষ্ঠা ও কৃষিনির্ভর অর্থনীতি পুনরুদ্ধারে ধানের শীষই একমাত্র ভরসা বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে অ্যাডভোকেট দীপেন দেওয়ানই রাঙামাটির জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি পৌরসভার আসামবস্তির লেমুছড়িতে ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

সাইফুল ইসলাম শাকিল বলেন, তারেক রহমানের পছন্দের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সরকারি চাকরি ছেড়ে রাজনীতির মাঠে নেমেছেন। দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের মাধ্যমে তিনি একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে কৃষকসহ সাধারণ মানুষ ঠকবে না। দীপেন দেওয়ান ভোটের মর্যাদা রক্ষা করবেন এবং রাঙামাটির সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু বলেন, দেশের কৃষক আজ নানাভাবে অবহেলিত ও বঞ্চিত। কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিনির্ভর অর্থনীতি শক্তিশালী করতে বিএনপি সবসময় মাঠে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই কৃষকের এই বঞ্চনার অবসান ঘটবে।

তিনি বলেন, রাঙামাটির কৃষক সমাজের আশা-ভরসার প্রতীক হচ্ছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি নির্বাচিত হলে সংসদে কৃষকের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখবেন।

পৌর কৃষকদলের সভাপতি মো. আল মামুনের নেতৃত্বে আয়োজিত উঠান বৈঠকে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন।

৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি মো. মোস্তফার সভাপতিত্বে এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম রানা ও বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content