Uncategorized

‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ দলীয় জোট প্রার্থীর গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 24 January 2026 , 10:49:47

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীর নেতৃত্বে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ডা. আতিক মুজাহিদের নেতৃত্বে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস সংলগ্ন কাছারি মাঠ থেকে ১০ দলীয় জোটের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গণমিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাছারি মাঠে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনী বার্তা তুলে ধরেন।
‎
‎মিছিল শেষে কাছারি মাঠে অনুষ্ঠিত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শাহজালাল সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এবং কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ডা. আতিক মুজাহিদ।
‎
‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের জন্য ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা বলেন, কুড়িগ্রাম-২ আসনে শাপলা কলির প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্য ও নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করতে হবে।
‎
‎পথসভায় আরও বলা হয়, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য প্রতিটি ওয়ার্ড ও গ্রামে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান বক্তারা।
‎
‎সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content