Uncategorized

শরীয়তপুরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

  বাংলাদেশ প্রতিদিন 13 June 2026 , 12:01:10

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

শুক্রবার (১২ জুন) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আবুপুর ফেরিঘাট এলাকায় জরুরি নদীতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

হুইপ অপু বলেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, সম্পদ ও বসতভিটা রক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শুধু সাময়িক সমাধান নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়েই কাজ করছি।”

তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় এলাকায় একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানম, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content