Uncategorized

পবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য মনোনীত হলেন এমপি মোশাররফ হোসেন ও এমপি নুরুল ইসলাম

  বাংলাদেশ প্রতিদিন 9 June 2026 , 10:55:16

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত ৮ জুন ২০২৬ তারিখের এক পত্রে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(খ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।

মনোনীত সদস্যরা হলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। বিষয়টি অবগতির জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, প্রশাসনিক কার্যক্রম তদারকি এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রিজেন্ট বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন দুই সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে বোর্ডের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাগুলোর অন্যতম, যেখানে শিক্ষা, প্রশাসন ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content