শিক্ষা

প্রথম বাংলাদেশি হিসেবে বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস

  বাংলাদেশ প্রতিদিন 2 June 2026 , 10:52:27

জাপানের সোসাইটি ফর বায়োটেকনোলজি জাপান (এসবিজে)-এর এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।

সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেন সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

জানা যায়, বায়োটেকনোলজি বিষয়ে গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০২৬ সালের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে)-এর ‘এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ -এর জন্য আমি প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছি। তারা আমাকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এবং পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পুরস্কারপ্রাপ্তের যাবতীয় ব্যয়ভার (যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচ) তারা বহন করবে। এই সাফল্য আমার জন্য অত্যন্ত গৌরবের। সকলের কাছে দোয়া প্রার্থনা রইল।’

উল্লখ্য, সোসাইটি ফর বায়োটেকনোলজি জাপান (এসবিজে) জাপানের একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন, যা জীবপ্রযুক্তি ও জীবনবিজ্ঞানের গবেষণা, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে। প্রতিষ্ঠানটি বিশ্বের তরুণ গবেষকদের উৎসাহিত করতে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা প্রদান করে থাকে।

আরও খবর:

Sponsered content