স্বাস্থ্য

রায়পুরে সেবা ও নিরাময় হাসপাতালে অভিযান, অর্থদণ্ড আদায়

  বাংলাদেশ প্রতিদিন 21 May 2026 , 7:30:07

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বাস্থ্যসেবায় অনিয়ম, লাইসেন্স হালনাগাদ না থাকা এবং সেবামূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থতার অভিযোগে দুইটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (২১ মে) পরিচালিত এ অভিযানে সেবা হাসপাতাল (প্রা:) এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযান চালানো হয়।

অভিযানে প্রাথমিক তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে লাইসেন্স হালনাগাদ না থাকা এবং চিকিৎসা সেবার নির্ধারিত ও হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন না করার বিষয়টি পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে সেবা হাসপাতালকে ২০ হাজার টাকা এবং নিরাময় হাসপাতালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। তিনি বলেন, জনস্বার্থে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুরের চিকিৎসক ডা. মামুনুর রশিদ এবং রায়পুর থানা পুলিশ-এর সদস্যরা। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content