Uncategorized

রাবিপ্রবিতে ‘আওয়ামী পুনর্বাসনের’ অভিযোগকে অগ্রহনযোগ্য বললেন উপাচার্য

  বাংলাদেশ প্রতিদিন 11 May 2026 , 10:39:52

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আওয়ামী পুনর্বাসনের অভিযোগকে ‘অগ্রহনযোগ্য’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর প্রশাসনের সময়েই সাবেক ফ্যাসিবাদী সরকারের ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত প্রায় ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এমন বাস্তবতায় আওয়ামী পুনর্বাসনের অভিযোগ তোলা দুঃখজনক।

তিনি বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি আপৎকালীন পরিচালনা কমিটিতে একজন শিক্ষককে অন্তর্ভুক্ত করার বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অথচ ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বিভাগীয় চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন এবং অন্তবর্তীকালীন সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন কিন্তু তাঁর বিরুদ্ধে আগে কখনও অভিযোগ ওঠেনি।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অডিট আপত্তিকে কেন্দ্র করে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটি “হাস্যকর”। তাঁর ভাষ্য, অডিট পর্যবেক্ষণ একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং সময়ের সঙ্গে সেগুলো নিষ্পত্তি হয়।

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু গোপন নথি অসৎ উদ্দেশ্যে সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উপাচার্য বলেন, গত এক বছরে ২৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে বিদেশি পিএইচডিধারী শিক্ষকও রয়েছেন ১০ জন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content