Uncategorized

ইবিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে শাস্তির মুখে দোকানি

  বাংলাদেশ প্রতিদিন 23 April 2026 , 8:11:25

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন একটি চায়ের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জরিমানা এবং সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইবি শাখার মনিটরিং টিমের অভিযানের পর এব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। দোকানটির নাম ‘আকমল টি স্টল’।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে সিওয়াইবি ইবি শাখার প্রতিনিধি দল ওই চায়ের দোকানে মনিটরিংয়ে যায়। তারা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ড্রিংকস, চিপস ও বিস্কুট-সহ বিভিন্ন পণ্য দেখতে পান, যেগুলোর মেয়াদ তিন-চার মাস আগেই শেষ হয়ে গেছে। এমনকি ফাঙ্গাস পড়া নষ্ট কেক নতুন কেকের সঙ্গে মিশিয়ে রাখার মতো গুরুতর অনিয়মও তাদের নজরে আসে। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির নির্দেশনায় প্রশাসনের নিরাপত্তা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খতিয়ে দেখেন।

অভিযানের বিষয়ে সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকি ওয়াসিফ বলেন, “আমাদের কাছে সংবাদ আসলে আমাদের টিম সেখানে মনিটরিং করতে গিয়ে দেখতে পায়, ব্যাপক পরিমাণ ড্রিংকস, চিপস, বিস্কুটসহ বেশ কিছু পণ্যের মেয়াদ তিন-চার মাস আগেই শেষ হয়ে গেছে। এমনকি আমরা দেখতে পেয়েছি যে, একটা কেকের ফাঙ্গাস পড়ে গেছে এবং সেই কেককে নতুন কেকের মধ্যে রেখে খাওয়ার অযোগ্য করে তোলা হয়েছে।”

প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে তিনি আরও বলেন, “আমরা প্রক্টর স্যারকে ফোন দিই, তাঁর নির্দেশে প্রশাসনের নিরাপত্তা কর্মকর্তা জনি ঘটনাস্থলে আসেন। তিনি দোকানদারকে একটি ওয়ার্নিং দেওয়ার পাশাপাশি ৫০০ টাকা জরিমানা করেন এবং আজ (২৩ এপ্রিল) ও আগামীকাল (২৪ এপ্রিল) দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। শনিবার জরিমানা প্রদান করে তারপর তারা এই দোকান খুলতে পারবেন বলে সিদ্ধান্ত আসে।”

এদিকে অভিযুক্ত চা দোকানি দম্পতি এ বিষয়ে বলেন, “চল্লিশ বছরের দোকানদারি জীবনে এ প্রথম এমন শাস্তির মুখে পড়লাম। আমরা দুজন লেখাপড়া জানি না। আপনারা আমাদের সন্তানের মতো। যে ক্রেতারাই আসে, আমরা তাদের সবসময় ডেট দেখে খেতে বলি। ভুল স্বীকার করে দোকানি বলেন, “ওইটা আমাদের ভুল হয়েছে। মানুষ তো ভুল করেই, আপনারা কি এই ভুলের জন্য মাফ করবেন না?”

ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মী জনি জানান, প্রক্টরের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিওয়াইবির ১০ দিনের বন্ধ রাখার দাবি ছিল, উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরে কিছু জরিমানা সহ দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “খবর শোনার সাথে সাথে নিরাপত্তা কর্মী পাঠিয়েছি। খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content