শিক্ষা

এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাবিপ্রবিতে গুচ্ছভর্তি পরীক্ষা সমাপ্ত; উপস্থিতির হার ৬১.৭৮%

  বাংলাদেশ প্রতিদিন 10 April 2026 , 6:53:20

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয় যা চলে বেলা ১২টা পর্যন্ত।

এছাড়াও বিকাল ৩.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাসের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, ভোয়াল্ল্যা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় ও শহীদ আব্দুল আলী একাডেমী কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ৮,২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১১৮ জন উপস্থিত এবং ৩১৬৬ জন অনুপস্থিত ছিলেন; উপস্থিতির হার ৬১.৭৮ %।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়িত্বরত প্রধান প্রত্যবেক্ষক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ ভর্তি পরীক্ষার কার্যক্রম তদারকি করেন। ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শনকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাসহ ইতোপূর্বে অনুষ্ঠিত বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় রাবিপ্রবি উপাচার্য বলেন, বর্তমানে রাবিপ্রবিতে সেশনজট শূন্যের কোটায় নামিয়ে আনার প্রচেষ্টা চলমান এবং রাবিপ্রবিতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। যে স্থাপনাগুলো নির্মিত হচ্ছে তা সম্পন্ন হলে শুধুমাত্র আমাদের অবকাঠামোগত প্রয়োজন মেটাবে না এর নান্দনিকতা-স্থাপত্যশৈলী সবমিলিয়ে একটি ক্লাসিক এনভায়রনমেন্ট তৈরি হবে।রাবিপ্রবিতে লেক-পাহাড়-বন সমৃদ্ধ একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশ রয়েছে যেখানে কার্বন-ডাই-অক্সাইড এর লেভেল প্রায় শূন্য। শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য নানারকম ক্লাব ও সংগঠন রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত ফিল্ড ট্রিপ, স্টাডি ট্যুর, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়- যার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অগ্রাধিকার পাবে।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ সেশনে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা গত ২৭ মার্চ সি ইউনিট মধ্যে দিয়ে শুরু হয়ে ৩ এপ্রিল বি ইউনিট এবং সর্বশেষ ১০ এপ্রিল এ ইউনিট দিয়ে সমাপ্ত হয়েছে।

আরও খবর:

Sponsered content