অর্থনীতি

তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের তত্ত্বাবধানে পেট্রোল পাম্প মনিটরিং

  বাংলাদেশ প্রতিদিন 31 March 2026 , 5:57:49

রাঙ্গামাটি শহরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পেট্রোল পাম্পগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে শহরের কল্যাণপুর এলাকার তেন্যাবি পাম্প, স্টেডিয়াম এলাকার এসএন পেট্রোলিয়াম এজেন্সি পাম্প এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মুহসীন স্টোরস পাম্পে তেল বিক্রি কার্যক্রম শুরু হয়।

এ সময় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করে। পাশাপাশি প্রতিটি পাম্পে নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন। তেল সরবরাহ ও পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট পাম্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন দায়িত্বপ্রাপ্তরা।

সরবরাহের তথ্য অনুযায়ী, তেন্যাবি পাম্পে ৩ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৩০০ লিটার অকটেন, এসএন পাম্পে ১১ হাজার লিটার ডিজেল এবং মুহসীন স্টোরসে ৫ হাজার ৪৪৫ লিটার ডিজেল ও ৩ হাজার ৪০০ লিটার অকটেন সরবরাহ করা হয়।তবে বনরূপা এলাকার হিল ভিউ পাম্প থেকে এদিন তেল বিক্রি করা হয়নি।

জেলা প্রশাসন জানায়, তেল বিতরণে টোকেন ব্যবস্থা চালু রয়েছে এবং কাগজপত্র যাচাই সাপেক্ষে তেল দেওয়া হচ্ছে। এদিন অতিরিক্ত মূল্যে তেল বিক্রি বা অবৈধ মজুদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content