জাতীয়

ভাষা আমাদের জাতীয় চেতনার ভিত্তি: পার্বত্য মন্ত্রী

  বাংলাদেশ প্রতিদিন 21 February 2026 , 12:42:24

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি বলেছেন, ভাষা আমাদের জাতীয় চেতনার ভিত্তি।

রোববার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও স্বাধীন সত্তার প্রতীক। একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শক্তি জোগায়।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে সরকার বদ্ধপরিকর। ভাষাগত বৈচিত্র্য রক্ষা এবং বহুসাংস্কৃতিক ঐতিহ্য লালনের মধ্য দিয়েই সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বহুভাষিক বাংলাদেশের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, একুশের আদর্শ ধারণ করেই উন্নয়ন ও অগ্রগতির পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

শ্রদ্ধা নিবেদনকালে সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content