বাংলাদেশ প্রতিদিন 13 February 2026 , 10:08:01
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সব কেন্দ্রের ফলাফল একত্রে গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ আসনের সবকটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ও পুরুষ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। দিনভর কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।প্রকাশিত ফলাফল অনুযায়ী,ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১,লক্ষ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. হাফেজ কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। এছাড়া ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পেয়েছেন ৪৪ হাজার ১৮৮ভোট। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ মো:রাসেল সরদার মেহেদি পেয়েছে ৬ হাজার ৮৪৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১২৯টি কেন্দ্রের ফলাফল ধাপে ধাপে সংগ্রহ করে রাতেই গণনা সম্পন্ন করা হয়। সকল প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে ফলাফল প্রস্তুত করা হয় এবং পরে বেসরকারিভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর এম জহির উদ্দিন স্বপনের সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়ী প্রার্থী বলেন, এ জয় জনগণের জয়। এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে পরাজিত প্রার্থীরা ফলাফল নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে তাদের পক্ষ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে।
উল্লেখ্য, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
আজকালের কন্ঠ/আর বি





