জাতীয়

দিনাজপুরে ভোটের গাড়ি উদ্বোধন ও নির্বাচনী উঠান বৈঠক করলেন উপদেষ্টা ফাওজুল কবির খান

  বাংলাদেশ প্রতিদিন 10 January 2026 , 9:55:36

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

শুক্রবার সকালে দিনাজপুর শহরের গোড়-এ অবস্থিত শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন ও উদ্বোধন এবং নির্বাচনী উঠান বৈঠক উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমেই আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে এ দেশের মানুষ। সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবেন। এতে কেউ বাধা দিতে পারবে না—সে ব্যবস্থা সরকার নিশ্চিত করেছে।”

উপদেষ্টা আরও বলেন, অতীতে জনগণ তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি। তবে ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এখন সময় এসেছে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে পারবেন।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। দিনাজপুর জেলায় বসবাসরত সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটাররাও যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিনিয়র তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নির্বাচনী উঠান বৈঠকটি দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকায় স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকীর এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দীন।

আরও খবর:

Sponsered content